জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার দুর্গাপুরে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার চন্ড্রীগড় বাজার ও মধ্যবাজারে যৌথভাবে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রায় ৩৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।
অভিযানকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৬(ক) অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মোট ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর নেত্রকোণা জেলা কার্যালয়ের পরিদর্শক মাহবুবুল ইসলাম।
অভিযানে দুর্গাপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযানের পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে এ ধরনের অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনডি
আরো পড়ুন : যত্রতত্র ময়লা—পরিবেশ ঝুঁকিতে কেন্দুয়া পৌর শহর, ডাম্পিং ইয়ার্ড স্থাপনের জোরালো দাবি
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.