
নিজস্ব প্রতিনিধি | | এসকেনিউজ২৪
মধ্যযুগের খ্যাতিমান পুঁথিসাহিত্যিক ও রোমান্টিক কবি দোনাগাজীর নামে দেওয়া সাহিত্য পদকের জন্য দুই বছরের সাত গুণী লেখক-শিল্পীর নাম ঘোষণা করেছে চাঁদপুরের চর্যাপদ সাহিত্য একাডেমি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিভিন্ন ক্যাটাগরিতে ২০২৫ ও ২০২৬ সালের দোনাগাজী পদকপ্রাপ্তদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির সিদ্ধান্ত অনুযায়ী, দুই বছরের পদক এবার একসঙ্গে প্রদান করা হবে।
এর আগে একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপার সভাপতিত্বে জুড়ি বোর্ডের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পদকপ্রাপ্তদের নাম চূড়ান্ত অনুমোদন করা হয়।
২০২৫ সালের পদকপ্রাপ্তদের মধ্যে কবিতায় সোহরাব পাশা, কথাসাহিত্যে ইশরাত তানিয়া, শিশুসাহিত্যে স. ম. শামসুল আলম এবং সংগীতে রনক রায়হান নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ২০২৬ সালের দোনাগাজী পদক পাচ্ছেন কবিতায় শিবলী মোকতাদির, চারুকলায় অমল সেনগুপ্ত এবং লোক-গবেষণায় সৈয়দা আঁখি হক।
নাম ঘোষণার সময় উপস্থিত ছিলেন জুড়ি বোর্ডের সদস্য সচিব শিউলী মজুমদার, প্যাপিরাস পাঠাগারের উপদেষ্টা অ্যাডভোকেট মাহমুদ হাসান কবির, একাডেমির নিয়ন্ত্রণ পরিষদ চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, সহযোগী পরিচালক জয়ন্তী ভৌমিক, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, নির্বাহী সদস্য কামরুন্নাহার বিউটি, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, উদযাপন পরিষদের আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সমন্বয়কারী সাইফুল খান রাজীব এবং প্রাবন্ধিক লিটন শীল।
একাডেমির সভাপতি আয়শা আক্তার রুপা জানান, দ্রুত সময়ের মধ্যেই সাত গুণীজনের হাতে দোনাগাজী পদক তুলে দেওয়া হবে। এ আয়োজনের দায়িত্ব উদযাপন পরিষদকে দেওয়া হয়েছে।
একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, দোনাগাজী ছিলেন মধ্যযুগের একজন খ্যাতিমান কবি ও পুঁথিশিল্পী। তিনি মূলত রোমান্টিক ধারার কবি হিসেবে পরিচিত। তার বিখ্যাত প্রেমকাব্য ‘সয়ফুলমুলুক বদিউজ্জামাল’ বাংলা সাহিত্যে তাকে স্মরণীয় করে রেখেছে।
২০১৯ সাল থেকে দোনাগাজীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরিতে গুণী লেখক ও শিল্পীদের এই পদক দিয়ে আসছে চর্যাপদ সাহিত্য একাডেমি।
এসকে/এনএম
আরো পড়ুন : খাটের নিচে মিললো বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ, দুর্গাপুরে আটক ১
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.