নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় সার বিক্রয়ে অনিয়ম ও মৎস্য হ্যাচারির নিবন্ধন সংক্রান্ত অনিয়মের অভিযোগে পৃথক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জানা যায়, বিকেল ৪টার দিকে কেন্দুয়া পৌরসভা এলাকার বিভিন্ন সারের দোকান মনিটরিং করা হয়। এ সময় ‘হিমেল স্টোর’ নামের একটি দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং ডিলারশিপ লাইসেন্স ছাড়া সার বিক্রির অভিযোগ পাওয়া যায়।
পরে উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহার প্রসিকিউশনের ভিত্তিতে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মোবাইল কোর্ট মামলা করা হয়। মামলায় অভিযুক্ত ব্যক্তিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, একই দিন বিকেল ৫টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের নীলাম্বরখিলা এলাকায় মৎস্য হ্যাচারিগুলোতে নিবন্ধন ও নবায়ন সংক্রান্ত বিষয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুনের প্রসিকিউশনে হ্যাচারি মালিকদের নিবন্ধন না থাকা ও নিবন্ধন নবায়ন না করার বিষয়টি যাচাই করা হয়।
অভিযানে ‘সাঈম ও ফাহিম হ্যাচারি’র মালিক ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাঁর পক্ষে উপস্থিত একজনের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় নির্ধারিত সময়ের মধ্যে ‘মৎস্য হ্যাচারি আইন, ২০১০’ অনুযায়ী প্রতিষ্ঠানের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার অঙ্গীকার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম উল ইসলাম চৌধুরী জানান, কৃষি উপকরণ ও মৎস্য খাতে আইনবহির্ভূত কার্যক্রম বন্ধে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
এসকে/এনকে
আরো পড়ুন : রাজশাহীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
SK NEWS 24 BD সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.