নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোনার দুর্গাপুরে সাহারা খাতুন (৬৫) নামে এক নারীকে গলা টিপে ও কুড়ালের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর জামাই সাহেদ বিশ্বাসের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় সাহেদসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চণ্ডিগড় ইউনিয়নের ফুলপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই এলাকার বাসিন্দা। অভিযুক্ত সাহেদ বিশ্বাস একই এলাকার আবুল কাশেম বিশ্বাসের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে সাহারা খাতুনের সঙ্গে তাঁর জামাই সাহেদ বিশ্বাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাহেদ তাঁকে গলা টিপে ধরেন এবং পরে কুড়াল দিয়ে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সাহারা খাতুনের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত সাহেদ বিশ্বাসকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাহেদসহ শাহেরা খাতুন (৫৫) ও তাসলিমা আক্তার (২৭) নামে আরও দুজনকে আটক করে। হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পারিবারিক বিরোধ, জমিজমা সংক্রান্ত কোনো বিষয় কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
দুর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এসকে/এনএম
আরো পড়ুন : কলকাতায় অগ্নিকাণ্ড : সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.