নিউজ ডেস্ক || এসকেনিউজ২৪
শিক্ষকতা ও সরকারি চাকরি থেকে সক্রিয় রাজনীতি—দীর্ঘ রাজনৈতিক পথচলায় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকার পর এবার বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নতুন দায়িত্বে এলেন তিনি।
১৯৪৮ সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকায় জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষে ঢাকা কলেজে উচ্চমাধ্যমিক পড়াশোনা করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিশ্ববিদ্যালয়জীবনেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি। ষাটের দশকে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৬৯ সালের গণ–অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতির দায়িত্ব পালন করেন।
মুক্তিযুদ্ধের সময়ও সংগঠক হিসেবে ভূমিকা রাখেন মির্জা ফখরুল। স্বাধীনতার পর ১৯৭২ সালে শিক্ষকতা পেশায় যোগ দেন। ঢাকা কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতার পাশাপাশি সরকারি চাকরিতে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
মূলধারার রাজনীতিতে সক্রিয় হওয়ার লক্ষ্যে ১৯৮৬ সালে সরকারি চাকরি ছাড়েন তিনি। ১৯৮৮ সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হয় তাঁর।
নব্বইয়ের দশকের শুরুতে বিএনপিতে যোগ দিয়ে ধীরে ধীরে দলের কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন মির্জা ফখরুল। নির্বাহী কমিটির সদস্য থেকে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এবং পরে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেন। জাতীয়তাবাদী কৃষক দলের সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন তিনি।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপি সরকারের কৃষি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেও দলীয় সিদ্ধান্তে শপথ নেননি তিনি। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও বিএনপির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাজনীতিতে নিজের একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেন।
সেই দীর্ঘ পথচলার পর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক জীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়।
এসকে/এনএম
আরো পড়ুন : বৃষ্টি উপেক্ষা করে রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রামের পরীক্ষায় অংশ নিলো শিক্ষার্থীরা
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.