নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নেত্রকোণার মদনে পাহাড়পুর ব্রিজের পশ্চিম পাশের এপ্রোচ বর্ষার পানির স্রোতে ভেঙে যাওয়ায় উপজেলা সদরের সঙ্গে তিয়শ্রী ও ফতেপুর ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে দুই ইউনিয়নের হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে প্রবল পানির স্রোতে ব্রিজের পশ্চিম পাশের সংযোগ সড়কের মাটি সরে গিয়ে রাস্তার একটি অংশ দেবে যায়। পরে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
স্থানীয়রা জানান, পাহাড়পুর ব্রিজটি দুই ইউনিয়নের মানুষের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক। শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রতিদিন এ পথ ব্যবহার করেন। একই সঙ্গে কৃষকরা সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ পরিবহনেও এ সড়কের ওপর নির্ভরশীল।
বর্তমানে আমন ধান রোপণের মৌসুম হওয়ায় সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়ায় কৃষকরাও বিপাকে পড়েছেন। দীর্ঘদিন যোগাযোগ বন্ধ থাকলে রোগী পরিবহন, কৃষিপণ্য বাজারজাতকরণ ও দৈনন্দিন যাতায়াতে বড় ধরনের ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।
৬ নম্বর তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির হোসেন শামীম বলেন, বিষয়টি জানতে পেরেছেন। দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত উপজেলা প্রকৌশলীও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এসকে/এনএম
আরো পড়ুন : বেনাপোলে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার সহকারী নিহত, শিক্ষকসহ ২ জন আহত
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.