মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর || এসকেনিউজ২৪
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজার ঐতিহ্যবাহী সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের ২০২৬-২০২৮ মেয়াদের শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। চন্দন কর্মকারকে সভাপতি, গনেশ কুরীকে সাধারণ সম্পাদক এবং অঞ্জন কুরীকে কোষাধ্যক্ষ করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে মন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণধন দেবনাথের সভাপতিত্বে সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রনতোষ কর্মকার।
সভায় মন্দিরের নিয়মিত কার্যক্রম, আসন্ন শারদীয় দুর্গাপূজা আয়োজন, পূজার সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পরে সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তিন সদস্যের নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবনির্বাচিত সভাপতি চন্দন কর্মকার বলেন, সকলের সহযোগিতা ও পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে এবারের দুর্গাপূজা সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন করাই আমাদের প্রধান লক্ষ্য। মন্দিরের ঐতিহ্য ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে আমরা সম্মিলিতভাবে কাজ করব।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক গনেশ কুরী বলেন, পূজার আয়োজনকে আরও সুন্দর ও প্রাণবন্ত করতে মন্দিরের ভক্ত, পূজার্থী এবং স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। দায়িত্ব পাওয়ার পর থেকেই পূজার প্রস্তুতি এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
কোষাধ্যক্ষ অঞ্জন কুরী বলেন, পূজা উদযাপনের অর্থনৈতিক কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালনার চেষ্টা থাকবে। সবার সহযোগিতায় একটি সুন্দর আয়োজন উপহার দিতে চাই।
সভায় সিদ্ধান্ত হয়, নবনির্বাচিত তিন কর্মকর্তা আগামী সাত দিনের মধ্যে ২১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন করবেন। এরপর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও সম্প্রীতির পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
সভায় মন্দির পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসকে/এলআই
আরো পড়ুন : হাসপাতাল থেকে বিশ্ববিদ্যালয়, উন্নয়ন তদারকিতে নেত্রকোণায় বিভাগীয় কমিশনার
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.