জ্যেষ্ঠ প্রতিনিধি || এসকেনিউজ২৪
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হয়েছে “জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬”। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে নেত্রকোণা জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হকের সঙ্গে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সর্বস্তরের জনগণ শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে শহিদদের আত্মার মাগফিরাত এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
পরে সকাল ১১টায় নেত্রকোণা পাবলিক হলে “জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে গণতান্ত্রিক, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। একই সঙ্গে দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে।
এসকে/এনডি
আরো পড়ুন : ডা. শফিকুর রহমানের সফর উপলক্ষে নেত্রকোনার সমস্যা-সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.