
নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছেন। এ সময় স্থানীয় বিএনপি কার্যালয় ও একটি দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। আহতদের বসুরহাট বাজারের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১ আগস্ট) দুপুরে সংঘর্ষের সূত্রপাত হলেও এর পেছনে শুক্রবার রাতের একটি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আহতরা হলেন— সিরাজপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. আনোয়ার, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ওমর ফারুক, যুবদল নেতা শরীফ, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি ওসমান গনি শিহাব, ৮ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সেক্রেটারি এনায়েত উল্লাহ রিফাত এবং শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদ।
স্থানীয়দের ভাষ্য, পিএল একাডেমি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সিনিয়র-জুনিয়র বিরোধকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় শিবিরকর্মী নজরুল ইসলাম তামজিদকে যুবদলের কয়েকজন নেতা-কর্মী আটক করেন। বিষয়টির মীমাংসার জন্য রাতে স্থানীয় বিএনপি নেতা মোস্তফা রাজু ভূঁইয়ার উদ্যোগে উভয় পক্ষের প্রতিনিধিদের আলোচনায় ডাকা হয়। তবে পরিস্থিতি শান্ত হওয়ার পরিবর্তে রাতেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সিরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাসেম দাবি করেন, বিরোধ মেটাতে ছাত্রশিবিরের নেতারা ঘটনাস্থলে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। পরে তিনি দুই পক্ষকে সরিয়ে দিলেও কিছুক্ষণ পর পুনরায় সংঘর্ষ শুরু হয়। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি কার্যালয় আগে থেকেই বন্ধ ছিল এবং সেটি ভাঙচুরের ঘটনায় শিবিরকে দায়ী করা সঠিক নয়।
অন্যদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আফতাব আহমেদ বাচ্চু অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিবির বহিরাগত লোকজন এনে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপি কার্যালয় ও একটি দোকান ভাঙচুর করা হয় এবং স্বেচ্ছাসেবকদল নেতা ফারুক গুরুতর আহত হন।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসকে/এনএম
আরো পড়ুন : নড়াইলের লোহাগড়ায় জাল দলিলে নামজারি ভূমি অফিসের নায়েবদের ভয়াবহ জালিয়াতি
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.