কোহিনূর আলম, নিজস্ব প্রতিনিধি ||এসকেনিউজ২৪
নেত্রকোণার কেন্দুয়ায় ভেজাল সার ও কীটনাশক তৈরি এবং প্যাকেটজাত করে বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল সার ও কীটনাশক তৈরির কাঁচামাল, সরঞ্জামাদি ও প্রস্তুতকৃত পণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার পাইকুরা ইউনিয়নের মিরের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে পেচুন্দুরী গ্রামের আবুল হোসাইনের ছেলে মো. আকাইদ হোসাইনের দুটি গুদামে তল্লাশি চালানো হয়। তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা কর্তৃক অনুমোদিত বালাইনাশক ডিলার হলেও দীর্ঘদিন ধরে অবৈধভাবে নকল সার ও কীটনাশক তৈরি এবং বাজারজাত করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানে দুটি গুদাম থেকে প্রায় ২০০ বস্তা সার তৈরির কাঁচামাল ও সরঞ্জামাদি এবং ১০ বস্তা নকল কীটনাশক উদ্ধার করা হয়। পরে জব্দকৃত এসব ভেজাল পণ্য ও কাঁচামাল ধ্বংস করা হয়।
এ ঘটনায় বালাইনাশক আইন, ২০১৮-এর ২৯(২) ধারায় মো. আকাইদ হোসাইনকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা। এ সময় কেন্দুয়া থানা পুলিশের সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, কৃষি, কৃষক ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসকে/এনকে
আরো পড়ুন : দুর্গাপুরে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার : নারীসহ গ্রেফতার ২
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.