দিলওয়ার খান, নেত্রকোণা || এসকেনিউজ২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে সরকারি দল, বিরোধী দলসহ সকল রাজনৈতিক শক্তিকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকবে, সরকারি দল ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক দূরত্বও থাকবে, তবে দেশের স্বার্থে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী কোনো নির্দিষ্ট দলের বা কোনো একটি আসনের নন; তিনি সমগ্র দেশের প্রধানমন্ত্রী। তাই রাষ্ট্র পরিচালনায় দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের কল্যাণ নিশ্চিত করতে হবে।
শুক্রবার (০৩ জুলাই) সকালে নেত্রকোণা জেলা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে আমলাতান্ত্রিক জটিলতা, ঘুষ এবং বিভিন্ন পর্যায়ে ‘পার্সেন্টেজ’ দেওয়ার সংস্কৃতি দেশের বিনিয়োগ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। অনেক সৎ, দক্ষ ও যোগ্য উদ্যোক্তা এসব প্রতিবন্ধকতার কারণে দেশে বিনিয়োগ না করে বিদেশে বিনিয়োগ করছেন। ফলে দেশ থেকে পুঁজি ও কর্মসংস্থানের সুযোগ বিদেশে চলে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে না পারলে কাঙ্ক্ষিত শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব হবে না।
তিনি বলেন, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে উদ্যোক্তাদের ঘুষ কিংবা অবৈধ কোনো অর্থ দিতে হবে না। বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নেত্রকোণার সম্ভাবনার কথা তুলে ধরে জামায়াত আমীর বলেন, এ জেলার চীনামাটির পাহাড়, পাহাড়ি অঞ্চল, নদ-নদী, প্রাকৃতিক সম্পদ এবং তথ্যপ্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিকল্পিত শিল্পায়ন করা সম্ভব। সরকার সঠিক পরিকল্পনা গ্রহণ করলে নেত্রকোণায় শিল্পবিপ্লব ঘটতে পারে এবং এ অঞ্চল দেশের অন্যতম অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হতে পারে।
সীমান্ত পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্ত রক্ষার দায়িত্ব শুধু সীমান্তরক্ষী বাহিনীর নয়; এ দায়িত্ব গোটা জাতির। সীমান্ত রক্ষায় বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী জনগণকেও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে। দেশের এক ইঞ্চি ভূখণ্ডেও কাউকে অনুপ্রবেশ করতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা, উন্নয়ন এবং জনগণের কল্যাণের প্রশ্নে রাজনৈতিক বিভেদ নয়, জাতীয় ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের মানুষ একটি সুশাসিত, দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে এবং সেই লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি দেশের সামগ্রিক রাজনৈতিক, অর্থনৈতিক ও উন্নয়ন পরিস্থিতি নিয়েও মতামত ব্যক্ত করেন।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান নেত্রকোণা পাবলিক হলে জেলা জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
জেলা আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে এবং জেলা সহকারী সেক্রেটারি ও প্রচার-মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সাহাবুদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া।
সম্মেলনে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফা, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নেত্রকোণা জেলা সভাপতি মাওলানা কামাল উদ্দিন, নেত্রকোণা পৌর জামায়াতের নায়েবে আমীর ডা. আবুল হোসেন তালুকদারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক দায়িত্বশীল নেতা-কর্মী।
এসকে/এনডি
আরো পড়ুন : যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৭টি চোরাই মোবাইল উদ্ধার, যুবক গ্রেপ্তার
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.