নিজস্ব প্রতিনিধি || এসকেনিউজ২৪
বাংলাদেশ ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও জোরদারের লক্ষ্য নিয়ে চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে তাঁর দ্বিতীয় দ্বিপক্ষীয় বিদেশ সফর।
বৃহস্পতিবার ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন সফর দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং সমন্বিত কৌশলগত সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে।
বক্তব্যে কায়সার কামাল বাংলাদেশ-চীন সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপটও তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চীন সফরের মাধ্যমে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের দৃঢ় ভিত্তি তৈরি হয়, যা পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সফরের মধ্য দিয়ে আরও সুসংহত হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় জ্বালানি সংকট, জলবায়ু পরিবর্তন, ঋণের চাপ ও আন্তর্জাতিক বাণিজ্যের অস্থিরতার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে সার্ককে আরও কার্যকর করার পাশাপাশি পর্যবেক্ষক দেশ হিসেবে চীনের সক্রিয় ভূমিকার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এসকে/এনএম
আরো পড়ুন : মোহনগঞ্জের খাদ্য কর্মকর্তাকে শোকজ
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.