নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কদমতলীতে গুলিতে মো. শাহিন ব্যাপারী (২৭) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে ‘চাপাতি শাওন’ (৩৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে র্যাব-১০-এর সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল শ্যামপুর থানার জুরাইন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব জানায়, নিহত শাহিন ব্যাপারী রাজধানীর কদমতলী থানার চেয়ারম্যান বাড়ী এলাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করতেন। গত ২২ নভেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে পূর্ব শত্রুতার জেরে শাওনসহ কয়েকজন আসামি পরিকল্পিতভাবে শাহিনকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় গুলি করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ নভেম্বর ২০২৫ তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাইয়ের অভিযোগের ভিত্তিতে ২৩ নভেম্বর ২০২৫ তারিখে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি পেনাল কোড ১৮৬০-এর ৩২৬/৩০৭/১৪৩/৩৪/৩০২ ধারায় রুজু করা হয়।
র্যাব-১০ জানায়, মামলার তদন্ত কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারে সহায়তার জন্য র্যাবের কাছে অনুরোধ জানান। এরই পরিপ্রেক্ষিতে গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : দেলোয়ার হোসেন মাসুদসহ-সম্পাদক : নূরুল আমীন। অস্থায়ী কার্যালয়: ১৬৪, খতিবনগুয়া, হাসপাতাল রোড, নেত্রকোনা-২৪০০।
Copyright © 2026 SKNEWS24BD. All rights reserved.